মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড় এলাকায় হারিয়ে যাওয়া (আনুমানিক ৩ বছর বয়সী) শিশু আব্দুল্লাহ অবশেষে তার পরিবারের কাছে ফিরে গেছে। মানবিক উদ্যোগে উদ্ধার ও পরিচয় শনাক্তের পর সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে শিশুটিকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর উদ্যোগে উদ্ধার হওয়া শিশুটি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের মোহাম্মদপুর গাংগাতা গ্রামের বাসিন্দা মো. রায়হান মিয়ার ছেলে আব্দুল্লাহ।
পরিবার সূত্রে জানা গেছে, রায়হান মিয়া তার গর্ভবতী স্ত্রী জান্নাতকে চিকিৎসার জন্য কুমারশীল মোড়ে অবস্থিত গ্রীণভিউ হাসপাতালে নিয়ে গেলে অসাবধানতাবশত শিশুটি হারিয়ে যায়। পরে তাকে ট্রমা জেনারেল হাসপাতালের সামনে অসহায় অবস্থায় পাওয়া যায়। সে সময় শিশুটি নিজের নাম-পরিচয় বলতে সক্ষম ছিল না। পরে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর শিশুটিকে নিজেদের তত্ত্বাবধানে নিরাপদে রাখে এবং তার পরিচয় শনাক্তে উদ্যোগ নেয়। যথাযথ যাচাই-বাছাই শেষে সোমবার রাত ৮টার দিকে আব্দুল্লাহকে পরিবারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. আজহার উদ্দিন বলেন, “একটি শিশুর নিরাপত্তা ও তার পরিবারের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। খবর পাওয়ার পরপরই আমরা শিশুটিকে নিরাপদে রাখি এবং তার পরিচয় শনাক্তে কাজ শুরু করি। সঠিক যাচাই-বাছাই শেষে আমরা তাকে পরিবারের কাছে হস্তান্তর করতে পেরে স্বস্তি বোধ করছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কাজে আমাদের সংগঠন পাশে থাকবে।”
শিশুটির বাবা রায়হান মিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমরা দিশেহারা হয়ে পড়েছিলাম। কোথায় খুঁজবো বুঝতে পারছিলাম না। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণেই আমরা দ্রুত আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। আমরা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের মানবিক উদ্যোগ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেছেন।