ক্ষমতার হাত বদল হলেও দুর্নীতি বন্ধ হয়নি গাজীরবাজারে জামায়াতের সমাবেশে -আতাউর রহমান সরকার

ব্রাহ্মণবাড়িয়া, 6 February 2026, 2 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : হাত বদল হলেও দেশে দুর্নীতি বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্য সমর্থিত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।

বৃহস্পতিবার আখাউড়া দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে গাজীরবাজারে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত ৫৪ বছরে দেশে দুর্নীতির এক বিশাল পাহাড় গড়ে তোলা হয়েছে। ক্ষমতার পরিবর্তন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।

ইউনিয়ন সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ইদন মিয়ার সঞ্চালনায় আয়োজিত জনসভায় আতাউর রহমান সরকার অভিযোগ করে বলেন, কসবা ও আখাউড়ার রাস্তাঘাট নির্মাণ ও মানোন্নয়ন কাজে লাখ লাখ টাকার দুর্নীতির মাধ্যমে জনগণকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

তিনি বলেন, পরিকল্পিতভাবে শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, যার ফলে সমাজে মাদকের ভয়াল থাবা দিনদিন বিস্তৃত হচ্ছে। এর দায় বর্তমান শাসনব্যবস্থার ওপরই পড়ে।

জনসভায় তিনি বলেন, আমরা পরিবর্তন চাই। আমরা শুধু কসবা-আখাউড়া নয়, গোটা বাংলাদেশকে পরিবর্তন করতে চাই। জনগণের যে অধিকার, তা জনগণকে বুঝিয়ে দেওয়া হবে।

স্বাস্থ্যখাতে ব্যাপক সংস্কারের আশ্বাস দিয়ে আতাউর রহমান সরকার বলেন, কসবা-আখাউড়া উপজেলা ও জেলা সদরে স্বাস্থ্যসেবায় এক বিপ্লবী পরিবর্তন আনা হবে। ৬৫ বছরের ঊর্ধ্বে ও ১০ বছরের কম সকল নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। পাশাপাশি প্রসূতি মায়েদের জন্যও ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হবে।

বেকার ভাতা প্রসঙ্গে তিনি বলেন, যারা বেকার ভাতার কথা বলছে, তারা মূলত তরুণদের ভবিষ্যৎ ধ্বংসের পরিকল্পনা করছে। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের জন্য কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হবে এবং পড়াশোনা শেষে চাকরির সুযোগ সৃষ্টি করা হবে। এছাড়া উচ্চশিক্ষার জন্য প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থীকে বিদেশে পড়াশোনার সুযোগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, দায়িত্ব পেলে জনগণের সমস্যা চিহ্নিত করে গ্রামভিত্তিক উন্নয়ন ফোরাম গঠন করে তা সমাধান করা হবে।

জনসভায় আতাউর রহমান সরকার বলেন, বর্তমানে সিএনজি ও অটোরিকশা থেকে ‘জিবির’ নামে যে চাঁদা আদায় করা হয়, জামায়াত ক্ষমতায় গেলে এসব চাঁদাবাজি বন্ধ করা হবে। সরকারি প্রশাসনে অযথা হস্তক্ষেপ করা হবে না; তবে প্রশাসনের কেউ দুর্নীতিতে জড়ালে জনগণকে সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

প্রধান বক্তা ব্রাহ্মণবাড়িয়া জেলার সাবেক আমীর অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম খাদেম আগামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে ক্ষমতায় যাওয়ার সুযোগদানের আহ্বান জানান। আমরা কথা দিচ্ছি, এক টাকাও দুর্নীতি করবো না এবং কাউকেও করতে দেবো না। কসবা-আখাউড়ার পরিবর্তনের জন্য যোগ্য ও সৎ নেতৃত্ব হিসেবে আতাউর রহমান সরকারকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান তিনি। পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ রুখতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।

জনসভায় বিশেষ অতিথি ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি এডভোকেট জালাল উদ্দীন, উপজেলা জামায়াতের সেক্রেটারি বোরহান উদ্দিন খান, আখাউড়া উপজেলার সাবেক শিবির সভাপতি মো. বরকতুল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সভাপতি ফখরুদ্দিন তাজি, এনসিপির আখাউড়া উপজেলা সমন্বয়ক মো. ইয়াকুব আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক সাইফুল আল আরিফ, আখাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।