অধ্যাপক শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের রাইতলা এলাকায় কৃষিজমি ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সেইসাথে কৃষিজমি ভরাটে ব্যবহৃত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করে সতর্ক করে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কৃষিজমি ভরাট করার অভিযোগ পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনাকালে দেখা যায়, একটি কৃষিজমি ইতোমধ্যে ভরাট করা হয়েছে এবং আরও জমি ভরাটের প্রস্তুতি চলছে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পাইপের সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলে জাহাঙ্গীর ভুইয়া (৫৫) নামে এক ব্যক্তি সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। তিনি মোবাইল কোর্ট টিমকে ক্ষতিসাধনের হুমকি প্রদর্শনসহ কর্তব্যরত কর্মকর্তাদের সাথে আক্রমণাত্মক আচরণ করেন। এঘটনায় ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এর আগেও শ্যামবাড়ী বিল থেকে অবৈধভাবে মাটি কেটে কৃষিজমি ও জলাশয় ভরাটের বিরুদ্ধে একই এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) একাধিকবার অভিযান পরিচালনা করেছেন।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম জানান, কৃষিজমি ও জলাশয় রক্ষা করা প্রশাসনসহ সকলেরই দায়িত্ব। যারা অবৈধভাবে কৃষিজমি ভরাট করে পরিবেশের ক্ষতি সাধন করবে কিংবা সরকারি কাজে বাধা দেবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।