শেখ মো: কামাল উদ্দিন,কসবা ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমিসংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০)কে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌরসভার আড়াইবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ আজ বৃহস্পতিবার সকালে নিহতের সৎ ভাই মিলন মিয়া (৬৫) ও তাঁর স্ত্রী রোসনা আক্তার (৫৫)কে গ্রেফতার করেছে।
নিহত রতন মিয়া ওই গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতরে স্ত্রী জামেনা আক্তার বাদী হয়ে মিলন মিয়াকে প্রধান আসামী করে ৫জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
অভিযুক্তরা হলেন; নিহতের সৎ ভাই মিলন মিয়া, তার স্ত্রী রোসনা আক্তার, ছেলে রিফাত মিয়া (৩২), সিফাত মিয়া (২৪) এবং তাঁদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির মিয়া (১৮)। তাদের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জায়গা–জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ও মামলা চলছিল। বুধবার বিকেলে রতন মিয়া পাশের বিলে জমিতে কাজ করছিলেন। এ সময় অভিযুক্তরা সেখানে গিয়ে লাঠিসোটা নিয়ে হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে গুরুতর জখম করে ও কুপিয়ে ফেলে রেখে যায়।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহতের বড় মেয়ে আইরিন ইসলাম বলেন, জমি নিয়ে বিরোধের জেরে পরিকল্পিতভাবে হামলা করে হত্যা করা হয়।
কসবা পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আবু সাঈদ বলেন, জমি নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার শালিস হলেও স্থায়ী সমাধান হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে। প্রধান আসামীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামীদের গ্রেফাতারের চেষ্টা চলছে।