কসবায় বন্ধু আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি কক্সবাজার থেকে গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 7 June 2026, 23 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বন্ধু আনোয়ার হোসেনকে ছুরকাঘাত করে হত্যা মামলার প্রধান আসামি সাব্বির হোসেনকে কক্সবাজার থেকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামীর অবস্থান শনাক্ত করে রোববার (৭ জুন) ভোররাত ১টার দিকে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয়। একই সময়ে সাব্বির হোসেনের পিতা আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর সাব্বির হোসেনকে কসবা থানায় আনা হচ্ছে। এদিকে হত্যাকাণ্ডের প্রধান আসামি ও তার পিতার গ্রেপ্তারের খবরে নিহত আনোয়ারের পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। মামলার পর দ্রুত সময়ের মধ্যে আসামিদের আটক করায় এলাকাবাসী কসবা থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কুটি ইউনিয়নের কাঠেরপুল এলাকায় পূর্ব শত্রুতার জেরে একই ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের গিয়াস উদ্দিন চৌধুরীর ছেলে আনোয়ার হোসেন চৌধুরীকে ছুরিকাঘাত করে তারই ঘনিষ্ঠ বন্ধু সাব্বির হোসেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিশকাতুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শনিবার রাত ১০টার দিকে নিহতের পিতা গিয়াস উদ্দিন চৌধুরী বাদী হয়ে সাব্বির হোসেন ও তার পিতা আলমগীর হোসেনকে আসামি করে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই তথ্যপ্রযুক্তির সহায়তায় মাত্র চার ঘণ্টার মধ্যে কক্সবাজার সদরে সাব্বিরের অবস্থান শনাক্ত করে কসবা থানা পুলিশ। পরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে কসবা থানা পুলিশের কাছে আসামীকে হস্তান্তর করা হয়।
কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা জানান, আনোয়ার হোসেন হত্যার ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। আমরা দ্রুত সময়ের মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। প্রধান আসামি সাব্বিরকে কক্সবাজার থেকে কসবায় আনা হচ্ছে। তাকে থানায় আনার পর ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে। এ ব্যাপারে আমরা আমাদের আইনী কার্যক্রম অব্যাহত থাকবে।