ব্রাহ্মণবাড়িয়ায় নাসির উদ্দিন হত্যা মামলায় জড়িত ১ জন গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 15 December 2025, 182 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : র‌্যাব-৯ এর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় নাসির উদ্দিন হত্যা মামলায় জড়িত ১ জন গ্রেফতার হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায় যে, ভিকটিম ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বিরামপুর এলাকার বাসিন্দা। ভিকটিমের পরিবারের
সাথে বিবাদীদের পূর্ব হতে মামলা মোকদ্দমা চলছিল। ভিকটিমের প্রতিবেশী ছয় ভাইয়ের মধ্যে চার ভাই এক গ্রুপ অপর দুই ভাই অন্য গ্রুপে বিভক্ত। গত ২৪ অক্টোবর তাদের মা মৃত্যুবরণ করলে চার ভাইয়ের গ্রুপ অপর দুই ভাইকে লাশ না দেখিয়ে লোকজনের সহযোগিতায় অন্যায়ভাবে জোরপূর্বক মায়ের লাশের জানাজা ও দাফন সম্পন্ন করে ফেলে। এ নিয়ে দুই ভাইয়ের গ্রুপ প্রতিবাদ করলে বিবাদী পক্ষের লোকজন পূর্বপরিকল্পিতভাবে জোটবদ্ধ হয়ে বাদী পক্ষের লোকজনের জান মালের ক্ষতি সাধনের উদ্দেশ্যে রামদা, লাঠি, লোহার রড, লোহার শাবল, ককটেল, পেট্রোল, কেরোসিন, দিয়াশলাই নিয়ে গত ২৫ অক্টোবর সকালে বাদী পক্ষের বাড়িতে অতর্কিত হামলা চালায়। পরবর্তীতে বিবাদীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই ভাইয়ের গ্রুপের পক্ষের ভিকটিম নাসির উদ্দিনের উপর এলোপাতাড়িভাবে আঘাত করে মারাত্মক রক্তাক্ত জখম করে। তখন বিবাদীদের মারপিটের কারণে ভিকটিম নাসির উদ্দিন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল সোমবার (১৫ ডিসেম্বর) আনুমানিক ১২.১০ ঘটিকায় সময় ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল উপজেলার বিরামপুর এলাকায় অভিযান পরিচালনা করে সদর মডেল থানার মামলা নং-০১ মূলে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানার নাসির উদ্দিন হত্যা মামলার এজাহার নামীয় ৫নং পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামিনাইম মিয়া উরফে আব্দুর রাহিম(৪২), পিতা- মৃত আব্দুল আজিজ, বিরামপুর, সদর, ব্রাহ্মনবাড়ীয়া।
উল্লেখ্য যে, গত ৯ ডিসেম্বর র‌্যাব-৯ উক্ত মামলার ১ জন আসামিকে গ্রেফতার করেছিল।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামিকে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।