নবীনগরে দুবাই প্রবাসী যুবক শুক্রবার মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত 

ব্রাহ্মণবাড়িয়া, 3 January 2026, 196 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুবাই প্রবাসী যুবক সোহাগ মিয়া (২৫) শুক্রবার (২ জানুয়ারি) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের সাহারপাড় গ্রামের মোখলেছ মিয়ার একমাত্র সন্তান। নিহতের এই ঘটনায় সাহারপাড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. নুরুন্নবী মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, সোহাগ তিন বছর আগে জীবিকার তাগিদে ও সংসারের দায়ভার পালনের জন্য দুবাই পাড়ি জমান। সেখানে তিনি ইলেকট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করছিলেন। শুক্রবার তিনি মাইক্রোবাসে কর্মস্থলে যাচ্ছিলেন, পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে দুবাইয়ের একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহতের পরিবার জানায়, বিয়ের পরপরই সোহাগ প্রবাসে গিয়েছিলেন। আকস্মিক মৃত্যুর কারণে স্ত্রী, ভাই-বোনসহ পরিবার দিশেহারা। পরিবারের সদস্যরা দ্রুত সোহাগের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য দুই দেশের সরকারের সহযোগিতা কামনা করেছেন।