আখাউড়ায় যুবলীগ-ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া, 14 June 2026, 2 বার পড়া হয়েছে,

মো. আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক নেতা ও ছাত্রলীগের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৩ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন আখাউড়া দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. এরশাদুল ইসলাম ভূঁইয়া (৪০) এবং আখাউড়া উপজেলা ছাত্রলীগের সদস্য মো. রনি মিয়া (২৪)।

পুলিশ সূত্রে জানা গেছে, এরশাদুল ইসলাম ও রনি মিয়ার বিরুদ্ধে আখাউড়া ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলা রয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগেও তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।