প্রাইভেটকারে মাদক বহনকালে ১৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া, 2 September 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে প্রাইভেটকারে গাঁজা বহন কালে ১৪০ (একশত চল্লিশ) কেজি গাঁজাসহ মোঃ আলমগীর ও সজিব মিয়া নামের দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারি আলমগীর নরসিংদী সদর থানার হাজীপুর গ্রামের আহাম্মদ মিয়া ও সজিব একই জেলার রায়পুরা থানার রতনপুর গ্রামের কাজল মিয়ার ছেলে। পুলিশের দেওয়া তথ্য মতে, বুধবার (২ আগস্ট) রাত ০২ঃ৪৫ মিনিটের দিকে আশুগঞ্জ থানা পুলিশ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান পরিচালনা করে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে একটি প্রাইভেটকার (যার রেজিঃ নং-ঢাকা মেট্রো গ-২২-১২৩৮) আটক করে। পরবর্তীতে প্রাইভেটকারটিতে তল্লাশী করে উপরে উল্লেখিত গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ করে। এ ব্যাপারে
আশুগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম সফিকুল আলম চৌধুরী জানান, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলমগীরের বিরুদ্ধে ইতিপূর্বে ২ টি এবং সজিব মিয়ার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে বলে জানা গেছে। এছাড়াও তাদের আটকের পর এ-সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করাসহ তাদের বিরুদ্ধে যাবতীয় আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে । মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।