আবদুল মতিন শিপন : ব্রাহ্মণবাড়িয়ার স্বনামধন্য বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ক্রিসেন্ট গার্টেন-এর সাবেক অধ্যক্ষ মরিয়ম আক্তারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল। তিনি বলেন, সরকার শিক্ষা-বন্ধব এবং শিক্ষার উন্নয়নে নানা উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, একজন আদর্শ শিক্ষক কখনো অবসর নেন না, মরিয়ম আক্তার শিক্ষার্থীদের মাঝে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রিসেন্ট কিন্ডার গার্টেন পরিচালনা পর্ষদের সভাপতি সিফাত মোঃ ইশতিয়াক ভূইয়া। তিনি বলেন, মরিয়ম আক্তার শিক্ষার্থীদের অভিভাবক ও অনুপ্রেরণার উৎস ছিলেন এবং দীর্ঘ শিক্ষকতা জীবনে অসংখ্য শিক্ষার্থীকে মানবিক মূল্যবোধে গড়ে তুলেছেন।
বিদায়ী বক্তব্যে অধ্যক্ষ মরিয়ম আক্তার আবেগঘন কণ্ঠে বলেন, প্রতিষ্ঠানটি তার পরিবারের মতো। শুরুর দিকে মাত্র ১৬০ জন শিক্ষার্থী ও একটি টিনের ঘর নিয়ে যাত্রা শুরু হলেও আজ এটি একটি বড় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তিনি শিক্ষার্থীদের ভালোবাসাকেই নিজের সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, সদর উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ আলী আজমসহ অনেকে।
মানপত্র পাঠ করেন শিক্ষার্থী নাফিজা মারিয়া এবং স্বাগত বক্তব্য দেন উপাধ্যক্ষ নাজনীন আক্তার।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন পরিবেশে ৩৩ বছরের শিক্ষকতা জীবনের ইতি টেনে অবসর নেন অধ্যক্ষ মরিয়ম আক্তার।