ব্রাহ্মণবাড়িয়ায় রোলারের সাথে অটোরিকশার ধাক্কা একযাত্রী নিহত,আহত-৪

ব্রাহ্মণবাড়িয়া, 10 May 2026, 1 বার পড়া হয়েছে,

শাহাদাত হোসেন সোহেল,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় কুমিল্লা -সিলেট মহাসড়কে সিএনজি চালিত একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা ফোরলেন সড়কের কাজে ব্যাবহৃত একটি রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে রোমানা বেগম নামে এক অটোরিকশার যাত্রী নারী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছে আরও চারজন। নিহত রোমানা জেলার কসবা উপজেলার তেতুয়া গ্রামের বারু মিয়ার মেয়ে বলে জানা যায়। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার উড়শিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও চারজন। তারা হলেন, সদর উপজেলার কাছাইট মুন্সীবাড়ির আবু সামা মুন্সীর ছেলে মোঃ তুহিন,কসবা উপজেলার আলীনগর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী হাসিনা বেগম, একই উপজেলার হালিমা এবং কুমিল্লার দেবিদ্বার উপজেলার পঙ্কজ চক্রবর্তী। স্থানীয়রা জানান, সকালে কসবা উপজেলা থেকে একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশা জেলা শহরের দিকে আসার পথে রাঁধিকা এলাকা অতিক্রম করার সময় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ফোরলেন সড়কের চলমান কাজে ব্যবহৃত একটি রোলার গাড়ির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে চালকসহ পাঁচজন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের সবাইকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। এ ব্যাপারে সরাইল খাঁটিহাতা থানার সেকেন্ড অফিসার মোঃ আব্দুল বাতেন জানান,অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফোরলেন রাস্তার কাজে ব্যাবহৃত রোলার গাড়ির সাথে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত হয়েছে এবং গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে চারজন। খবর পেয়ে সাথে সাথে সেখানে পুলিশ পাঠানো হয় বলে জানান।