মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় সরকারী ভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রম চলছে। নিবন্ধিত কৃষক ও চালকল মালিকদের কাছ থেকে এসব ধান-চাল সংগ্রহ করা হচ্ছে। সরকার নির্ধারিত ক্রয়মূল্য সন্তোষ জনক হওয়ায় সরকারী গুদামে মিল মালিক ও কৃষক ধান-চাল সরবরাহে আগ্রহী হয়ে উঠেছেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আব্দুল্লা হিল শাফী জানিয়েছেন, সংগ্রহ অভিযানে মিল মালিক ও কৃষকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
চালকল মালিকরা জানান, অন্যান্য বছর লোকসান গুনলেও ধানের বাজার স্থিতিশীল থাকায় মিল মালিক ও কৃষকরা সরকারী গুদামে উৎসব মুখর পরিবেশে ধান ও চাল সরবরাহ করছেন। গুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা জানান, প্রতিদদিন গুদামে ৬/৭শ মেঃ টন চাল আসছে। দাম ভাল পাওয়ায় মিলাররা চাল দিতে আগ্রহী।
খাদ্য বিভাগের দেয়া তথ্য অনুযায়ী ৫ শ ৫৫ মেঃ টন ধানের বিপরীতে এ পর্যন্ত ১৮শ ৩৫ মেঃ টন ধান সংগ্রহ করা হয়েছে। ৩৩ হাজার ৭১০ মেঃ টন সিদ্ধ চাল ক্রয়ের লক্ষমাত্রা ধরা হলেও অর্জিত হয়েছে ৩৫ হাজার ৬ শ ২৩ মেঃটন । এ ছাড়া লক্ষ্যমাত্রার প্রায় ৭৮ ভাগ আতব চাল সংগ্রহ হয়েছে।
নির্ধারিত সময়েই অবশিষ্ট সংগ্রহ অভিযান সফল হবার ব্যাপারে আশাবাদী সদর উপজেলা খাদ্য কর্মকর্তা ।
উল্লেখ্য ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ধান ও চাল সংগ্রহ অভিযান চলবে।