কবির কলম’-এর আয়োজনে ‘কার্তিকের সন্ধ্যায় কবিতা আড্ডা’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 28 October 2026, 1 বার পড়া হয়েছে,

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ঋতুরাজ শরতের বিদায় আর হেমন্তের আবাহনে ব্রাহ্মণবাড়িয়া শহরে উদযাপিত হলো এক আনন্দময় ও কাব্যিক সন্ধ্যা। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ‘কবির কলম’ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সংগঠন ‘কবির কলম’-এর বিশেষ আয়োজন ‘কার্তিকের সন্ধ্যায় কবিতা আড্ডা’।

​কাব্যরস ও সুরের মূর্ছনায় মুখরিত এই আড্ডায় কবি, সাহিত্যিক, গীতিকার এবং শহরের সংস্কৃতিজনরা উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করেন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও গুণী ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার-এর বার্তা সম্পাদক কবি ইমরান মাহফুজ, কবি ও গীতিকার মোসলেহ উদ্দিন সাগর এবং বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান।

​এছাড়াও আড্ডায় কাব্যচর্চা ও সাহিত্য আলোচনায় অংশ নেন কবির কলম-এর সহ-সভাপতি কবি মোহন্ত কাবেরী, কবি মানিক রতন শর্মা, কবি ও গীতিকার আব্দুর রহিম, কবি ও গীতিকার কাজী বর্ণাঢ্য, অদ্বৈত মল্লবর্মন স্মৃতি পাঠাগারের যুগ্ম সম্পাদক শাহজাদা জালাল, কবি সামসুদ্দোহা রিপন এবং কবি ইসলাম তারেক।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবির কলম-এর সভাপতি তিতাস হুমায়ূন এবং অনুষ্ঠানটি সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক আদিত্য কামাল।

​কবিতা পাঠ ও সাহিত্য আলোচনার পাশাপাশি আয়োজনের বিশেষ আকর্ষণ ছিল তরুণ ও মেধাবী কণ্ঠশিল্পী সৌরভ ইসলামের সঙ্গীত পরিবেশনা। তাঁর সুমধুর কণ্ঠের গান পুরো প্রাঙ্গণে এক মনোমুগ্ধকর আবহের সৃষ্টি করে।

​কার্তিকের এই মিষ্টি সন্ধ্যায় কবিদের স্বরচিত কবিতা পাঠ, নতুন কবিতার ব্যবচ্ছেদ এবং সুরের যুগলবন্দিতে পুরো কবিতা আড্ডাটি উপস্থিত সকলের হৃদয়ে এক স্নিগ্ধ ও স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।