মাদরাসার পরিচালকের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ 

ব্রাহ্মণবাড়িয়া, 17 May 2026, 3 বার পড়া হয়েছে,
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মাদরাসার পরিচালকের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (১৬ মে) ওই পরিচালককে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব কান্তি নাথ। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জিনোদপুরে অবস্থিত মার্কাজু তাজবি ইন্টারন্যাশনাল মাদরাসায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন স্থানীয় মেরকুটা গ্রামের বাসিন্দা তোফাজ্জল হোসেন (৩০)।
পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওই মাদরাসায় অধ্যয়নরত তার ছেলেকে দেখতে যান ভুক্তভোগী ওই নারী।
ভুক্তভোগী তার ছেলেকে দেখতে গিয়ে মাদরাসার ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন, তখনই অভিুযুক্ত কক্ষে ঢুকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। পরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও থানার ওসি মোরশেদ আলম চৌধুরী দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইজনকে রাতেই আটক করে থানায় নিয়ে আসেন।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, পুরো ঘটনাটিই পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। মূলত মাদরাসার ওই পরিচালককে জেলে পাঠাতেই এই পরিকল্পিত নাটক মঞ্চস্ত করা হয়।
এ বিষয়ে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক ও ওসি মোরশেদ আলমের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।
তবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রাজীব কান্তি নাথ বলেন, ঘটনাটি ষড়যন্ত্র কি না, সেটি মাননীয় আদালতই খতিয়ে দেখবেন। তবে ভুক্তভোগী নারী বাদী হয়ে মাদরাসার পরিচালককে আসামি করে মামলা করেছেন। পুলিশ ওই মাদরাসার পরিচালককে গ্রেফতার করে কোর্টে চালান করেছে।