শেখ ফাহিম ফয়সাল : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহ জোগাতে মেধাবৃত্তি, নগদ অর্থ ও শিক্ষা উপকরণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘সবুজ সংঘ’। শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মেধাবী এসএসসি পরীক্ষার্থী ও হাফেজ শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ এবং প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।
সবুজ সংঘের সভাপতি লোকমান হোসেন পলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাড়েরা ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া। অনুষ্ঠানের উদ্বোধন করেন কসবা প্রেস ক্লাবের আহ্বায়ক আবুল খায়ের স্বপন।
মো. শাকিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের ব্যক্তিগত মিডিয়া সচিব শান্তনুর আলম, কাউসার আহমেদ, শামসুল আলম, মনির হোসেন, নুরুল আমিন, রুবেল আহমেদ ও ইয়াসিন মনি খান।
আলোচনা পর্বে বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়া এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা দেন। তাঁরা বলেন, শিক্ষার্থীর সাফল্যের পেছনে পরিবারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সন্তানের শিক্ষাজীবনে মায়ের সচেতনতা অপরিসীম; একজন সচেতন মা-ই শিক্ষিত জাতি গঠনে সবচেয়ে বড় অবদান রাখতে পারেন।
মোবাইল ফোনের আসক্তি প্রসঙ্গে বক্তারা বলেন, বর্তমান সময়ে মোবাইল ফোন প্রয়োজনীয় অনুষঙ্গ হলেও এর অপব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সন্তানেরা মোবাইল ফোনে কী করছে, সে বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজ রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শিক্ষার গুণগত মান বাড়ানো সম্ভব বলে তাঁরা মত দেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ফজলুল হক হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ ইসমাইল হোসেন। শিক্ষার প্রসারে সবুজ সংঘের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত অতিথি ও অভিভাবকেরা।