নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া: দীর্ঘ ১২ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইক পাড়া (বোর্ডিং মাঠ) আব্দুল আলীম ওয়াকফ এস্টেট জামে মসজিদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পূর্বে মসজিদ প্রাঙ্গণে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
নবগঠিত ৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ। কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি জহিরুল ইসলাম, সদস্যসচিব (সাধারণ সম্পাদক) মো. আশরাফুল ইসলাম এবং সদস্য মো. জাকিরুল হক, মো. নাজমুল হক, মো. মনিরুজ্জামান, মো. জাকির হোসেন ও মো. আল আমিন।
অনুষ্ঠানে জেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে মসজিদটির উন্নয়নের জন্য বরাদ্দ করা ৩ লাখ টাকার ৫০ শতাংশ অর্থের অগ্রিম চেক হস্তান্তর করেন প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। এ সময় নবগঠিত কমিটির সভাপতি ও সদস্যসচিব জনপ্রতি ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা মসজিদ তহবিলে দান করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, মসজিদসহ এলাকার সার্বিক উন্নয়নে তিনি সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান শাহীন এবং ছাত্র বিষয়ক সম্পাদক মো. রাশেদ কবির আখন্দসহ স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা।