শেখ কামাল উদ্দিন,বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) সংসদীয় আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান।
রোববার (৩১ মে) দুপুরে কসবা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক পৌর প্রশাসক মুহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন মুশফিকুর রহমান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক কেন্দ্রীয় নেতা নাছির উদ্দীন হাজারী, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আযম, জেলা বিএনপির সদস্য মো. হানিফ খন্দকার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি বশির আহমাদ চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো: মাসুদুল হক দিপু, সদস্য সচিব মো: জিয়াউল হুদা শিপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন এবং সাবেক যুগ্ম সম্পাদক মো. বেলায়েত হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভার শুরুতে সরকারের প্রথম ১০০ দিনের উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি এবং কসবা উপজেলায় প্রাপ্ত বরাদ্দ ও বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকাণ্ডের বিস্তারিত চিত্র তুলে ধরেন জেলা বিএনপির সদস্য মুশফিকুর রহমান এমপির একান্ত সচিব মো. হানিফ খন্দকার।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেন, সরকারের ১০০ দিনের কর্মসূচির আওতায় কসবার উন্নয়নে যেসব বরাদ্দ এসেছে এবং ভবিষ্যতে আসবে, সেগুলোর সুষ্ঠু বাস্তবায়নে দলীয় নেতাকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডের সুফল যেন সাধারণ মানুষ পায় এবং জনসন্তুষ্টি অর্জিত হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
তিনি বলেন, মানুষের সেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা নির্বাচনে অংশ নিতে চান, তাদের অবশ্যই জনসম্পৃক্ত ও জনমুখী হতে হবে।
সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচির কথা তুলে ধরে এমপি বলেন, উন্নয়নের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতন-ভাতার ব্যবস্থা করা হয়েছে, যা দীর্ঘদিনের একটি দাবি ছিল। একই সঙ্গে মাদক, দুর্নীতি ও অনিয়ম প্রতিরোধে সরকারের অবস্থান তুলে ধরে তিনি বলেন, শুধু ক্ষুদ্র অপরাধীদের নয়, মাদক চোরাচালানের মূল হোতাদেরও আইনের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, অবৈধ ড্রেজারের মাধ্যমে কৃষিজমি ধ্বংসের প্রবণতা আগের তুলনায় অনেক কমেছে এবং এটি সম্পূর্ণভাবে বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি খাল দখলমুক্ত করে পর্যায়ক্রমে খননের আওতায় আনা হবে বলেও তিনি জানান। এ ধরনের অপকর্মে জড়িতদের বিরুদ্ধে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দেন তিনি।
তিনি দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বজায় রেখে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
বিকেলে উপজেলার বাদৈর ইউনিয়নের সাবের সাদত উচ্চ বিদ্যালয়ে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করেন সংসদ সদস্য মুশফিকুর রহমান। পরে তিনি বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন প্রধান অতিথি।