ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অক্ষর ও বালির পৃথিবী ছেড়ে অমরত্বের পথে চলে যাওয়া প্রয়াত কবি, সাংবাদিক ও অনুবাদক রথো রাফির স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৩ নভেম্বর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় ৭টায় উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ কার্যালয়ে এই স্মরণ সভার আয়োজন করা হয়। ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশিষ্ট গুণীজন ও সাহিত্যিকরা প্রয়াত এই কবির জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণ করেন।
ব্রাহ্মণবাড়িয়া কবি পরিষদের আয়োজনে স্মরণ সভায় সভাপতিত্ব করেন কবি মোহন্ত কাবেরী। উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদের সাধারণ সম্পাদক ফেরদৌস রহমানের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উদীচী জেলা সংসদের উপদেষ্টা কমরেড সাজিদুল ইসলাম।
এছাড়াও স্মরণ সভায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, লোকজ গবেষক ও কথাশিল্পী জহিরুল হক জহর, কবি ও চিত্রশিল্পী কাজী বর্ণাঢ্য এবং কবি ও কথাশিল্পী শাহিন আল মামুন।
বক্তারা বলেন, রথো রাফি ছিলেন একাধারে একজন সৃজনশীল কবি, নিবেদিতপ্রাণ সাংবাদিক এবং দক্ষ অনুবাদক। তাঁর অকাল প্রয়াণে সাহিত্য অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর সৃষ্টিশীল কর্ম ও মননশীল লেখালেখি তাঁকে ভক্ত ও পাঠকদের হৃদয়ে চিরজাগরূক রাখবে।
উদীচী ব্রাহ্মণবাড়িয়া জেলা সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত এই স্মরণ সভায় স্থানীয় সাহিত্যপ্রেমী, কবি, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।