আদিত্ব্য কামাল : ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার অত্যন্ত সুপরিচিত মুখ, সুপার মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী এবং ‘নাঈম টেইলার্স’ এর স্বত্বাধিকারী মোঃ নাঈম আর নেই। আজ বিকেল ৩টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধব রেখে গেছেন।
তিনি শহরের সরকার পাড়ার বাসিন্দা ছিলেন। একজন সৎ, নিষ্ঠাবান ব্যবসায়ী এবং সদালাপী মানুষ হিসেবে পুরো পৌর এলাকায় তার ব্যাপক পরিচিতি ও সুনাম ছিল। তার আকস্মিক মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় ব্যবসায়ী সমাজ ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
প্রিয় বন্ধু মোঃ নাঈমের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার দীর্ঘদিনের বন্ধুমহল। এক শোকবার্তায় বন্ধুরা জানান, “নাঈম শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, তিনি ছিলেন একজন অত্যন্ত অমায়িক ও পরোপকারী মানুষ। তার এই চলে যাওয়া আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তার বিদেহী রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন।”
ব্যবসায়ী সমিতি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। পারিবারিক সূত্র জানিয়েছে, মরহুমের জানাজার নামাজ ও দাফনের সময়সূচী পরবর্তীতে দ্রুত জানিয়ে দেওয়া হবে।