ব্রাহ্মণবাড়িয়ায় একজন প্রার্থীর ওপর হামলার 

ব্রাহ্মণবাড়িয়া, 9 February 2026, 1 বার পড়া হয়েছে,
মোঃনিয়ামুল ইসলাম আকঞ্জি,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী শেখ হানিফের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা নিজ এলাকার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরের চাপুইর এলাকায় তিনি হামলার শিকার হন বলে জানা গেছে। হামলায় আরো দু’জন আহত হয়েছেন। তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। এ বিষয়ে একাধিকবার ফোন করেও পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে বিএনপির পক্ষ থেকে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে পুরো বিষয়টি সাজানো বলে উল্লেখ করা হয়েছে।
শেখ হানিফ অভিযোগ করেন, প্রচারণার শেষ দিনে তিনি চাপুইর এলাকায় গণসংযোগ চালাচ্ছিলেন।
এ সময় হিরণ নামে একজনের নেতৃত্বে বিএনপির লোকজন তার ওপর হামলা করেন। মানবতার রাষ্ট্র গঠনের কথা বলতে গিয়েই তিনি হামলার শিকার হয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাজার এলাকায় গণসংযোগের সময় শেখ হানিফসহ তাঁর সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা হয়। এ সময় হানিফের হাতে থাকা একটি মাইক কেড়ে নেওয়া হয়। স্লোগান দেওয়ার সময় লোকজন আক্রমণ করে বলে ওই ভিডিওতে দেখা যায়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম হামলার ঘটনাটি সাজানো বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপির বিরুদ্ধে অভিযোগ আনা হচ্ছে। এ ঘটনার সঙ্গে বিএনপির কেউ জড়িত নয়।