ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় সাত ঘণ্টা পর কবরস্থান সংলগ্ন একটি পুকুর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পাশাপাশি ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে রহস্যের আবহ।
মৃতরা হলেন – চাঁদনী আক্তার (৯) ও নুরজাহান বেগম (৮)। তারা দুজনই চাতলপাড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রতনপুর মনকোটা গ্রামের বাসিন্দা। সম্পর্কে তারা প্রতিবেশী এবং ঘনিষ্ঠ খেলার সাথী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ২টার পর থেকে শিশু দুজন নিখোঁজ হয়। তাদের না পেয়ে পরিবারের সদস্য ও এলাকাবাসী বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর রাত প্রায় সাড়ে ৯টার দিকে বাড়ির পাশের রতনপুর কবরস্থান সংলগ্ন একটি পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিস্তারিত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
ঘটনার সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, স্থানীয়দের দাবি অনুযায়ী, শিশু দুজনই সাঁতার জানত এবং যে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে পানির গভীরতা খুব বেশি নয়, হাঁটু সমান। ফলে কীভাবে এমন মর্মান্তিক মৃত্যু ঘটল, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন ও সংশয় দেখা দিয়েছে।
এদিকে, এই অস্বাভাবিক মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন শোকাহত পরিবার ও স্থানীয়রা।