ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত অন্তত ১৫

ব্রাহ্মণবাড়িয়া, 24 October 2026, 3 বার পড়া হয়েছে,

জজ মিয়া সরাইল থেকে : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল অংশে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী।

​শনিবার (২৪ অক্টোবর) সকালে সরাইল উপজেলার বেড়তলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন— দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কাজীপাড়ার আবু বক্করের ছেলে সৌরভ (৩২) এবং রংপুর সদরের হরকলি চৌরাপাড়ার মুমিনুল ইসলামের ছেলে আছিম (১৮)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সিলেট অভিমুখে যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের বেড়তলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বিভাজনের (ডিভাইডার) ওপর উল্টে যায়।

​দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। আহতদের দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠানো হয়। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৌরভ ও আছিম নামের দুই যাত্রী মারা যান। আহত অন্যান্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান জানান, দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং নিহতদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।