কসবায় জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, 25 March 2026, 109 বার পড়া হয়েছে,

শেখ কামাল উদ্দিন,কসবা ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আজম, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, আড়াইবাড়ী কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক শেখ মো. কামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক ও বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ভূইয়া, কসবা টি,আলী ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. এনামুল হক প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত বাঙালি জাতির ইতিহাসে এক বিভীষিকাময় অধ্যায়। পাকিস্তানি হানাদার বাহিনী এ রাতে নিরস্ত্র বাঙালির ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালায়।

তারা আরও বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা অত্যন্ত জরুরি। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী প্রজন্মকে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভায় মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।